ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত, ২ ডিগ্রি ছাড়াল বৈশ্বিক তাপমাত্রা

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ সকাল

Link Copied!

জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠছে। প্রথমবারের মতো বিশ্বে টানা ছয় দিন ধরে দৈনিক বৈশ্বিক গড় ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রাক-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে। বিজ্ঞানীদের মতে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে দীর্ঘমেয়াদি বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে শক্তিশালী এল নিনোর প্রভাব যুক্ত হয়ে তাপমাত্রার এই অস্বাভাবিক বৃদ্ধি ঘটছে। পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের গতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের (C3S) তথ্য অনুযায়ী, গত ২৩ নভেম্বর দৈনিক বৈশ্বিক গড় ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রাক-শিল্পযুগের ১৮৫০–১৯০০ সালের গড়ের তুলনায় ২ দশমিক ২৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এটি এখন পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার ব্যবধান। এর আগে ২০২৩ সালে এই ব্যবধান ছিল ২ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস।

কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের কৌশলগত জলবায়ুবিষয়ক প্রধান সামান্থা বার্গেস বলেন, বৈশ্বিক তাপমাত্রার এমন অস্বাভাবিক বৃদ্ধি অত্যন্ত ব্যতিক্রমী। কয়েক মাস ধরেই রেকর্ড তাপমাত্রা অব্যাহত রয়েছে। প্রতিদিনের তাপমাত্রায় কিছুটা ওঠানামা থাকলেও এই পর্যায়ের তাপমাত্রা পৃথিবীর জলবায়ু কতটা উষ্ণ হয়ে উঠেছে, তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

এর আগে মাত্র দুই দফায় দৈনিক বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠেছিল। প্রথমবার ২০২৩ সালের নভেম্বরে এবং দ্বিতীয়বার ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এমন পরিস্থিতি তৈরি হয়। তবে ওই দুই দফায় তাপমাত্রা এত দীর্ঘ সময় ধরে বেশি থাকেনি এবং বর্তমান সময়ের মতো উচ্চ পর্যায়েও পৌঁছায়নি।

বার্কলে আর্থের জলবায়ু গবেষক জেকে হাউসহাউজার বলেন, বৈশ্বিক তাপমাত্রায় প্রতিদিনই নতুন রেকর্ড তৈরি হচ্ছে। ২০২৩ সালে প্রাক-শিল্পযুগের তুলনায় তাপমাত্রা বৃদ্ধির যে ২ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড হয়েছিল, বর্তমান পরিস্থিতি তা ছাড়িয়ে গেছে।

বিজ্ঞানীদের মতে, তাপমাত্রার এই অস্বাভাবিক বৃদ্ধির পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমটি হলো মানুষের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট দীর্ঘমেয়াদি বৈশ্বিক উষ্ণায়ন, বিশেষ করে কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানো। দ্বিতীয়টি হলো শক্তিশালী এল নিনো। প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় পরিস্থিতিতে পরিবর্তন ঘটানো এই প্রাকৃতিক জলবায়ুপ্রক্রিয়া বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে।

কোপার্নিকাসের সামান্থা বার্গেসের মতে, ১৮৭০-এর দশকের পর বর্তমান এল নিনোর মতো শক্তিশালী পরিস্থিতি আর দেখা যায়নি। ওই সময়ের এল নিনোর সঙ্গে ভয়াবহ দুর্ভিক্ষের সম্পর্ক ছিল, যাতে প্রায় পাঁচ কোটি মানুষের মৃত্যু হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। বিজ্ঞানীরা ধারণা করছেন, বর্তমান এল নিনো চলতি সময় থেকে আগামী জানুয়ারির মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। তবে এর পূর্ণ প্রভাব কয়েক মাস পর অনুভূত হতে পারে।

বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব ইতোমধ্যে বনাঞ্চল ও প্রাকৃতিক পরিবেশেও দৃশ্যমান হচ্ছে। অতিরিক্ত তাপের কারণে ইন্দোনেশিয়া ও আমাজনের গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে খরা ও দাবানলের ঝুঁকি বাড়ছে। এতে বনভূমির বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণের প্রাকৃতিক সক্ষমতাও কমে যাচ্ছে। ফলে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাধ্যমে নির্গত কার্বন ডাই-অক্সাইড বায়ুমণ্ডলে আরও দ্রুত জমা হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর মেট অফিসের হ্যাডলি সেন্টারের জলবায়ু প্রভাববিষয়ক গবেষণাপ্রধান রিচার্ড বেটস জানান, চলতি বছর থেকে আগামী বছর পর্যন্ত বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব প্রায় ৩ দশমিক ৫ পার্টস পার মিলিয়ন (পিপিএম) বাড়তে পারে। সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এই বৃদ্ধির হার প্রায় এক-তৃতীয়াংশ বেশি। বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যমাত্রা অর্জনের পথে থাকলে যে হারে কার্বন ডাই-অক্সাইড বাড়ার কথা, সম্ভাব্য এই বৃদ্ধি তার প্রায় দ্বিগুণ।

২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে বিশ্বের প্রায় ২০০টি দেশ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রাক-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং তা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করে। তবে টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড হওয়াকে প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা আনুষ্ঠানিকভাবে অতিক্রম করার প্রমাণ হিসেবে দেখছেন না বিজ্ঞানীরা। কারণ, এই লক্ষ্যমাত্রা মূল্যায়ন করা হয় দীর্ঘমেয়াদি বৈশ্বিক তাপমাত্রার গড় দিয়ে, কয়েক দিনের তাপমাত্রার হিসাব দিয়ে নয়।

এদিকে জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহসহ বিভিন্ন চরম আবহাওয়াজনিত দুর্যোগ আরও তীব্র ও প্রাণঘাতী হয়ে উঠছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের রেকর্ড গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ইউরোপীয় ইউনিয়নে ৫০ হাজারের বেশি এবং যুক্তরাজ্যে প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

কোপার্নিকাসের সামান্থা বার্গেসের মতে, সরকারগুলোর সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। একদিকে বাড়তে থাকা তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে অবকাঠামো ও জনস্বাস্থ্যব্যবস্থাকে প্রস্তুত করতে হবে, অন্যদিকে গ্রিনহাউস গ্যাসের নির্গমন দ্রুত কমাতে হবে। কারণ, বর্তমান জলবায়ুর সঙ্গেই অনেক দেশের সড়ক, রেলপথ, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল খাপ খাওয়াতে পারছে না। ভবিষ্যতে তাপমাত্রা আরও বাড়লে এসব অবকাঠামোর ওপর চাপ ও স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।

জলবায়ু বিশেষজ্ঞদের সতর্কতা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানো না গেলে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব আরও ভয়াবহ হবে। খরা, দাবানল, খাদ্য ও পানির সংকট এবং চরম তাপপ্রবাহের ঝুঁকি বাড়বে। টানা ছয় দিন ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হওয়া তাই শুধু একটি তাপমাত্রার রেকর্ড নয়, বরং ভবিষ্যতের জলবায়ু সংকটের একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

Facebook Comments Box

আরও পড়ুন