
চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা কয়েক দিন মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শৈত্যপ্রবাহের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, হিম শীতল বাতাস ও কুয়াশার কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। তিনি জানান, তাপমাত্রা আরও কয়েকদিন কম থাকতে পারে। তবে তাপমাত্রা বাড়লে শীতের তীব্রতা কিছুটা কমে আসবে।
সরেজমিনে দেখা গেছে, হিম শীতল বাতাস আর কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত। মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। সড়কের পাশে সাধারণ মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। কর্মজীবী মানুষগুলো অচল হয়ে পড়েছেন এবং এক রকম অসহায় জীবনযাপন করছেন।
এদিকে সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ঠান্ডাজনিত রোগী সংখ্যা বাড়তে শুরু করেছে। শীতজনিত সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।