ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

ঘরে মাকড়সার উৎপাত? সহজ কিছু উপায়ে মিলবে সমাধান

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ । ১৫৮ জন

বাড়ির রান্নাঘর, বাথরুম, বারান্দা কিংবা বাগান—প্রায় সব জায়গাতেই সারা বছর মাকড়সার উৎপাত দেখা যায়। দেয়ালের কোণায় বা আসবাবের পাশে জাল বুনে মাকড়সা যেমন বাড়ির সৌন্দর্য নষ্ট করে, তেমনি বারবার পরিষ্কার করাও বেশ ঝামেলার। বিশেষ করে ঘরের গাছপালা থাকলে মাকড়সার উপদ্রব আরও বেড়ে যেতে পারে। তবে কিছু সহজ উপায় মেনে চললে মাকড়সার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব।

১. ঘর পরিষ্কার রাখুন
বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখলে পোকামাকড়ের সংখ্যা কমে যায়। মাকড়সা ঢোকার সম্ভাবনা থাকে এমন জানালার ফাঁক, ঘুলঘুলি বা দেয়ালের ছোট গর্তগুলো বন্ধ করে দিন।

২. ইন্ডোর গাছের যত্ন নিন
ঘরের ভেতরে রাখা গাছেও অনেক সময় মাকড়সা বাসা বাঁধে। তাই নিয়মিত গাছের পাতা পরিষ্কার করুন। যদি বেশি মাকড়সা দেখা যায়, তাহলে কয়েক দিনের জন্য গাছগুলো বাইরে রেখে দিতে পারেন।

৩. বাগান ও বারান্দা পরিচ্ছন্ন রাখুন
ছাদ, বারান্দা বা বাগানে গাছ থাকলে সেগুলোর চারপাশ পরিষ্কার রাখুন। বাড়ির পাশে থাকা গাছের ডালপালা কিছুটা ছেঁটে ফেলুন। শুকনো পাতা, কাঠ বা ইটের স্তূপ থাকলে সেগুলো সরিয়ে ফেলুন।

৪. কিছু বিশেষ গাছ লাগাতে পারেন
তুলসি, পুদিনা, ল্যাভেন্ডার বা রোজমেরির মতো গাছের গন্ধ বেশ তীব্র। এসব গাছ বারান্দা বা বাগানে রাখলে মাকড়সা ও অন্যান্য পোকামাকড় দূরে থাকে।

৫. পিপারমিন্ট স্প্রে ব্যবহার করুন
পানির সঙ্গে কয়েক ফোঁটা পিপারমিন্ট অয়েল মিশিয়ে স্প্রে তৈরি করতে পারেন। ঘরের যেসব জায়গায় মাকড়সা বেশি দেখা যায় সেখানে এটি স্প্রে করলে মাকড়সা, পিঁপড়ে ও তেলাপোকা কমে যায়।

৬. ভিনেগার ও পানির মিশ্রণ
সমান পরিমাণ সাদা ভিনেগার ও পানি মিশিয়ে স্প্রে করলে মাকড়সা দূরে থাকে। চাইলে এই মিশ্রণ দিয়ে ঘরের মেঝেও পরিষ্কার করতে পারেন।

নিয়মিত পরিচ্ছন্নতা ও কিছু সহজ ঘরোয়া উপায় মেনে চললে বাড়িতে মাকড়সার উপদ্রব অনেকটাই কমিয়ে আনা সম্ভব।