
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে শামীম হোসেন (২৩) ও বিপুল (২৮) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়ার গ্রামের গোপীনাথপুরে মাঠে ও জুনিয়াদহ ইউনিয়নে নলুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
শামীম হোসেন উপজেলার মোকারিমপুর এলাকার মজ্জেল হোসেনের ছেলে ও বিপুল জুনিয়াদহ ইউনিয়নে নলুয়া গ্রামের আব্দুল বারির ছেলে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল রব তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়ার গোপীনাথপুরে মাঠে জমিতে পানি দেওয়া সময় বিকেলে হঠাৎ বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের শামীম হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই সময়ে জুনিয়াদহ ইউনিয়নে নলুয়া গ্রামে বিপুল পান বরজে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি।