
উজান থেকে প্রবাহিত পানির প্রবণতা অব্যাহত থাকায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েই চলেছে। হ্রদের নিরাপত্তা এবং উজানের সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় চতুর্থ দফায় বাঁধের জলকপাট আরও ৩ ফুট পর্যন্ত খুলে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে হ্রদ থেকে এখন প্রতি সেকেন্ডে ৯০ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান। তিনি জানান, বুধবার (৬ আগস্ট) রাত ১১টা থেকে স্পিলওয়ের গেটসমূহ ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি হ্রদ থেকে নদীতে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট সচল থাকায় সেখান থেকেও প্রতি সেকেন্ডে অতিরিক্ত ৩২ হাজার কিউসেক পানি ছাড় করা হচ্ছে।
চার ধাপে গেট খোলার বিবরণ:
প্রথম দফা: সোমবার মধ্যরাতে ৬ ইঞ্চি
দ্বিতীয় দফা: মঙ্গলবার মধ্যরাতে দেড় ফুট
তৃতীয় দফা: বুধবার দুপুর ১টায় আড়াই ফুট
চতুর্থ দফা: বুধবার রাত ১১টায় ৩ ফুট
পানির সর্বশেষ অবস্থা:
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১১টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.৭৯ এমএসএল (Mean Sea Level)। অথচ বাঁধের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ এমএসএল— অর্থাৎ প্রায় সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে হ্রদের পানি।
মাহমুদ হাসান আরও জানান, উজান থেকে পানি আসার প্রবণতা অব্যাহত থাকলে, পরিস্থিতি অনুযায়ী জলকপাট আরও খোলা হতে পারে।
এ অবস্থায় কর্ণফুলী নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসনও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।