
দেশজুড়ে চলা কয়েক দিনের তীব্র গরমে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে তাপমাত্রা বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ভুগছেন খেটে খাওয়া দিনমজুর ও রাস্তায় কাজ করা শ্রমজীবীরা।
তবে এই গরমের মাঝেই স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। দেশের অন্যান্য বিভাগে তাপমাত্রা আপাতত অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অফিস জানায়, আজ রাতের তাপমাত্রা ও আগামী দুই দিনের আবহাওয়ার পরিস্থিতিতেও তেমন কোনো পরিবর্তন হবে না। তবে আগামী ১০ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা পর্যন্ত সারাদেশে তাপমাত্রা প্রায় একই থাকবে। এর পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে, যা গরম থেকে স্বস্তি এনে দেবে।
গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রামগতিতে দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিন বান্দরবানে সর্বনিম্ন ২২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর ঢাকায় সর্বোচ্চ ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নগরবাসীর জন্য বেশ অস্বস্তিকর ছিল।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে দেশের সব বিভাগেই আগামী কয়েক দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।