ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

উত্তর-পশ্চিম ইংল্যান্ডে হালকা ভূমিকম্প, ঘরবাড়ি কেঁপে ওঠায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৪, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ । ১৮৭ জন

উত্তর-পশ্চিম ইংল্যান্ডে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ (বিজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৩ ডিসেম্বর) রাতে আঘাত হানা এই ভূমিকম্পে ল্যাঙ্কাশায়ার ও সাউদার্ন লেক ডিস্ট্রিক্টজুড়ে ঘরবাড়ি কেঁপে ওঠে।

বিবিসি জানিয়েছে, কেন্ডাল এবং উলভারস্টনসহ আশপাশের শহরগুলোতেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ল্যাঙ্কাস্টারের সিলভারডেল থেকে প্রায় ১২ মাইল দূরে।

ডেইলি মেইলের তথ্য অনুযায়ী, সিলভারডেল উপকূলের কাছাকাছি মাটির ১.৮৬ মাইল গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

কার্নফোর্থে বসবাসকারী ক্যাটরিনা সিমন্স বলেন, রাতের এ ঝাঁকুনিতে ঘুম ভেঙে তিনি আতঙ্কিত হয়ে ওঠেন। তার ভাষায়, “মনে হচ্ছিল কেউ যেন গাড়ি চালিয়ে ঘরে ঢুকে পড়েছে।”

স্থানীয় আরও অনেক বাসিন্দা জানান, হঠাৎ দুলুনি টের পেয়ে তারা ভয়ে জেগে ওঠেন। দুর্ঘটনার মতো শব্দ ও কাঁপুনি অনুভূত হওয়ায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, তারা প্রতিবছর যুক্তরাজ্যে প্রায় ৩০০টি ভূমিকম্প শনাক্ত করে থাকলেও, এর খুব অল্প কয়েকটি সাধারণ মানুষ টের পান।

সূত্র: বিবিসি