
ইন্দোনেশিয়ায় তীব্র বন্যা ও ভূমিধসের কারণে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে, জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ। এএফপি’র খবরে বলা হয়েছে, পশ্চিম ও উত্তর সুমাত্রাসহ আচেহ প্রদেশে দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছে।
পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব শুক্রবার রাতে জানান, এই অঞ্চলে রাত পর্যন্ত ৬১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে এবং ৯০ জনের সন্ধান চলছে। পরিসংখ্যান অনুযায়ী, উত্তর সুমাত্রায় আরও ১১৬ জন মারা গেছেন, আর আচেহ প্রদেশে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।
ইন্দোনেশিয়া ছাড়াও প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডে সাম্প্রতিক ভারি বৃষ্টিপাতে বহু মানুষের মৃত্যু হয়েছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষাকালে ইন্দোনেশিয়ায় ভূমিধস, আকস্মিক বন্যা ও পানিবাহিত রোগের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। কয়েক দিনের মধ্যে সৃষ্ট একটি শক্তিশালী মৌসুমি ঝড় পরিস্থিতিকে আরও জটিল করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়ের ধরণ ও শক্তি পরিবর্তিত হচ্ছে, বর্ষাকাল দীর্ঘ হচ্ছে, বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে এবং আকস্মিক বন্যা বেড়েই চলেছে। এর আগে চলতি মাসেই মধ্য জাভায় ভারি বৃষ্টিজনিত ভূমিধসে কমপক্ষে ৩৮ জন নিহত ও ১৩ জন নিখোঁজ হন।