ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

আসামের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চল

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ । ৩৯ জন

ভারতের আসাম রাজ্যে আঘাত হানা মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকা।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২টা ৪৮ মিনিট ৩১ সেকেন্ডে (বিএসটি) এ ভূ-কম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৮।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ২৪.৮১° উত্তর অক্ষাংশ এবং ৯২.৬২° পূর্ব দ্রাঘিমাংশ এলাকায়। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল উত্তর-পূর্ব দিকে প্রায় ২৫৪ কিলোমিটার।

ভূমিকম্পের ফলে বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং ছাতকসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে কম্পন অনুভূত হয়। একইসঙ্গে ভারতের আসামের শিলচর ও আশপাশের এলাকাও কেঁপে ওঠে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

হঠাৎ এই ভূকম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শহর এলাকার উঁচু ভবনের বাসিন্দারা দ্রুত ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসেন। তবে আবহাওয়া অধিদফতর ভূমিকম্পটিকে ‘হালকা’ শ্রেণিভুক্ত করেছে।

এ ঘটনায় বাংলাদেশে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে গত কয়েক মাস ধরে উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পের পুনরাবৃত্তি হওয়ায় মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।