
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টা ৩৭ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।
ভূমিকম্পটির উৎপত্তি ছিল আলাস্কার স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ২০.১ কিলোমিটার গভীরে। অগভীর এই ভূমিকম্পের কারণে তীব্র কম্পন অনুভূত হয় উপকূলীয় অঞ্চলে।
ভূমিকম্পের পরপরই আলাস্কার দক্ষিণাঞ্চল ও উপদ্বীপজুড়ে সুনামি সতর্কতা জারি করে জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র। জানানো হয়, সুনামির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং এর প্রভাব পড়তে পারে এমন আশঙ্কাও রয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, আলাস্কার কেনেডি এন্ট্রান্স (হোমার শহর থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে) থেকে শুরু করে ইউনিম্যাক পাস (উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই সতর্কতা কার্যকর থাকবে। তবে আলাস্কার বাইরের অঞ্চলগুলোয় তাৎক্ষণিকভাবে কোনো সতর্কতা জারি করা হয়নি।
আলাস্কা প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ার’-এর অংশ, যেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। অঞ্চলটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।
উল্লেখ্য, ১৯৬৪ সালের মার্চে আলাস্কায় ৯.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যা উত্তর আমেরিকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে নথিভুক্ত। সে সময় অ্যানকোরেজ শহর প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল এবং ভয়াবহ সুনামিতে প্রাণ হারিয়েছিল ২৫০ জনের বেশি মানুষ।
সাম্প্রতিক বছরগুলোতে ২০২৩ সালের জুলাই মাসে আলাস্কার উপদ্বীপে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, যদিও সেটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে এবারের ভূমিকম্পের সঙ্গে সুনামির আশঙ্কা যুক্ত হওয়ায় স্থানীয় প্রশাসন ও উপকূলীয় বাসিন্দারা সতর্ক অবস্থায় রয়েছে।