ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ । ১৫৮ জন

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। রবিবার গভীর রাতে নানগারহার ও কুনার প্রদেশজুড়ে এই কম্পন অনুভূত হয়, যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে এটি আঘাত হানে এবং উৎপত্তিস্থল ছিল মাটির প্রায় ৮ কিলোমিটার গভীরে। প্রথম বড় কম্পনের পর আরও অন্তত তিনবার ভূকম্পন অনুভূত হয়, যার একটি ছিল ৫.২ মাত্রার।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, ধসে পড়া ঘরবাড়ির নিচে অনেক মানুষ আটকা পড়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের নানগারহার ও কুনারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শক্তিশালী এই ভূমিকম্প রাজধানী কাবুল পর্যন্ত কাঁপিয়ে তোলে। এমনকি প্রায় ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়।

উদ্ধার অভিযান এখনও চলছে। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতোমধ্যেই বিপুল ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হচ্ছে আফগানিস্তান। অর্থনৈতিক ও মানবিক সংকটে জর্জরিত দেশটির জন্য এ ধরনের দুর্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।