ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আগামী ৫ দিনে দেশের যেসব জায়গায় রয়েছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ । ১৬৬ জন

বসন্তের শুরুতেই প্রকৃতির মেজাজে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ এবং বিহার অঞ্চলের উচ্চচাপ বলয়ের দ্বৈরথে দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে ঝিরঝিরে বৃষ্টির দেখা মিললেও, সপ্তাহের বাকিটা সময় মূলত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, আজ রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার, ২৫ ফেব্রুয়ারি: সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি: সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি: সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার, ২৮ ফেব্রুয়ারি: সারাদেশে আংশিক মেঘলা আকাশ সহ শুষ্ক আবহাওয়া। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।