
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী চার দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। এ সময়ে বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ এবং বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদফতরের বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী—
১৪ আগস্ট ২০২৫:
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
১৫ আগস্ট ২০২৫:
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
১৬ আগস্ট ২০২৫:
চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
১৭ আগস্ট ২০২৫:
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাস:
দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।