
মৌসুমী বায়ুর প্রভাবে আগামী চার দিনে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত, যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। আগামী ১৩ আগস্টের মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
১১ আগস্ট:
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও চট্টগ্রামের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
১২ আগস্ট:
রংপুরের অধিকাংশ জায়গায়, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামের অনেক এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, চট্টগ্রাম ও সিলেটে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।
১৩ আগস্ট:
রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
১৪ আগস্ট:
ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনার কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আভাস রয়েছে।
১৫ আগস্ট:
ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায়; ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।