
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে ৩৯ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ থেকে মিলতে পারে কিছুটা স্বস্তি। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এবং এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর সক্রিয় রয়েছে।
তাপপ্রবাহ কমার সম্ভাবনা
ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, নারায়ণগঞ্জসহ রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ৩৯ জেলার ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃষ্টিপাতের পূর্বাভাস (২৫–২৮ জুলাই)
শুক্রবার (২৫ জুলাই): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ।
শনিবার (২৬ জুলাই): একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
রবিবার (২৭ জুলাই): দেশের প্রায় সব বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (২৮ জুলাই): সারাদেশেই বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস
আবহাওয়া অধিদফতরের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।