
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী মে থেকে জুলাই ২০২৬ পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করেছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় প্রাপ্ত তথ্যানুযায়ী, এই সময়ে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণিঝড় এবং তীব্র তাপপ্রবাহের শঙ্কা রয়েছে।
রোববার (৩ মে) বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মে থেকে জুলাই মাসের মধ্যে বঙ্গোপসাগরে ৩ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত ১ থেকে ২ টি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর মধ্যে শুধুমাত্র মে মাসেই ১ থেকে ২ টি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এছাড়া, জুন মাসের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষাকাল বিস্তার লাভ করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
তাপপ্রবাহ ও কালবৈশাখির দাপট:
পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এই সময়ে দেশে ৫ থেকে ৭টি মৃদু (৩৬-৩৭.৯° সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯° সে.) ধরণের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে অন্তত ১ থেকে ২ টি তীব্র তাপপ্রবাহের রূপ নিতে পারে, যেখানে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯° সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। পাশাপাশি, এই সময়ে দেশে ৮-১০ দিন হালকা বা মাঝারি এবং ২-৩ দিন তীব্র কালবৈশাখি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিপাত ও নদী পরিস্থিতি:
মে মাসে সারাদেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে মে-জুলাই সময়ে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হতে পারে। বিভাগওয়ারী পূর্বাভাসে দেখা গেছে, জুন ও জুলাই মাসে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ সবথেকে বেশি হতে পারে। তবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এপ্রিল মাসের আবহাওয়া পর্যালোচনা:
প্রতিবেদনে গত এপ্রিল মাসের আবহাওয়াও পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, এপ্রিল ২০২৬ মাসে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা ৭৫.৭ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষ করে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। গত মাসের ২২ এপ্রিল রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০° সেলসিয়াস রেকর্ড করা হয়।
কৃষি আবহাওয়া ও পরামর্শ:
মে মাসে দেশের কৃষি আবহাওয়ার ক্ষেত্রে জানানো হয়েছে যে, মাটির আর্দ্রতা সিলেট বিভাগে সর্বোচ্চ ২২-৩২% এবং রাজশাহী ও খুলনা বিভাগে সর্বনিম্ন ১৩-২৩% থাকতে পারে। এই সময়ে দৈনিক গড় বাষ্পীভবন ৩.৫-৫.৫ মি:মি: এবং সূর্য কিরণকাল ৫.৫-৭.৫ ঘণ্টা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে এই প্রতিবেদনের অনুলিপি কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরে ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।