
মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলকভাবে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এ কারণে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
দৈনিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার ৯ অক্টোবর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
শুক্রবার ১০ অক্টোবর, একই ধরনের বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে। দেশের অধিকাংশ বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার ১১ অক্টোবর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবার ১২ অক্টোবর, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাস: এই সময়ে দেশের পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, মৌসুমি বায়ুর বিদায়ের সঙ্গে সঙ্গে দেশে শুষ্ক আবহাওয়ার ধারা শুরু হবে এবং শরতের শেষভাগে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়বে।