ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  • অন্যান্য

আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ণ । ৩৭২ জন

মৌসুমী বায়ু বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী—

৩১ আগস্ট ২০২৫
রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুরের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

১ সেপ্টেম্বর ২০২৫
বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

২ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এসব বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

৩ সেপ্টেম্বর ২০২৫
রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস
বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।