
দেশজুড়ে ফের বাড়ছে বৃষ্টিপাতের প্রবণতা। ভারতীয় উপমহাদেশে সক্রিয় মৌসুমি বায়ু এবং সুস্পষ্ট লঘুচাপের কারণে আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।
আবহাওয়া অফিস জানায়, ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে মধ্যপ্রদেশ অঞ্চলে সুস্পষ্ট লঘুচাপ আকারে রয়েছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
২৮ জুলাই:
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
২৯ জুলাই:
খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও সিলেটে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
৩০ জুলাই:
রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের আশঙ্কা থাকছে। তাপমাত্রায় তেমন পরিবর্তন না হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩১ জুলাই:
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাস:
এই সময়ের মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে নদী অঞ্চলে পানি বাড়তে পারে এবং নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও থাকায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।