ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল, বনভূমি পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১০, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ । ১৪১ জন

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল তীব্র দাবানলের কবলে পড়েছে। মেলবোর্নের অদূরে কয়েকটি উপশহর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দাবানল এখন পর্যন্ত ৩৬ হাজার হেক্টর বনভূমি গ্রাস করেছে। ঘটনায় অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন। তবে প্রত্যন্ত এসব অঞ্চলে প্রবাসী বাংলাদেশিরা স্থায়ীভাবে বসবাস করেন না বলে জানা গেছে।

স্থানীয় সময় গত বুধবার মেলবোর্ন ও এর আশেপাশে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তীব্র গরম ও শুষ্ক দমকা হাওয়ায় ভিক্টোরিয়া রাজ্যের বনভূমিতে আগুন ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণহীন আগুন মেলবোর্ন থেকে ১৭৫ কিলোমিটার উত্তরের লংউড ও রাফি উপশহর পুড়ে ছাই করে দেয়।

ভিক্টোরিয়া রাজ্য ও নিউ সাউথ ওয়েলসের উচ্চ তাপমাত্রা প্রবণ এলাকায় শুক্রবার (৯ জানুয়ারি) জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

দমকল বাহিনীর সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও মাত্র কয়েক ঘন্টার মধ্যে আগুন ছড়িয়ে গিয়ে ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসের কিছু আবাসিক অঞ্চলে প্রায় ৩৫ হাজার ঘরবাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। গৃহহীন অনেক বাসিন্দা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। কেন্দ্রীয় সরকার সব ধরণের ত্রাণ ও সহায়তার নিশ্চয়তা দিয়েছে।

এছাড়া, তীব্র দাবদাহের মধ্যে গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।