
বেতন, ভাতা ও পণ্য সরবরাহ সংক্রান্ত ভ্যাট ও শুল্ক পরিশোধের সুবিধার্থে আজ ৩০ জুন (সোমবার) দেশের সব তফসিলি ব্যাংকের লেনদেনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ৩০ জুন ২০২৫ তারিখে ব্যাংকিং কার্যক্রমের সময়সীমা বিকেল ৫টা পর্যন্ত এবং বাংলাদেশ ব্যাংকে চেক/ড্রাফট ইত্যাদি নিষ্পত্তির সময়সীমা সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, আবশ্যিক নিরাপত্তা নিশ্চিত করে লেনদেন পরবর্তী কার্যক্রম শেষ করতে ব্যাংক/শাখাগুলো রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা দেওয়া হয়েছে।