
ভোর থেকেই ঝড়বৃষ্টি দেখা দিয়েছে রাজধানীতে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত একটি লঘুচাপের প্রভাবে দেশের সব বিভাগেই সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপশ্চিম ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এছাড়া আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এ পরিস্থিতিতে আজ রোববার (১৭ মে) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একইসঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সংস্থাটি আরও জানিয়েছে, দেশের সব বিভাগেই বজ্রপাতসহ ঝড়বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের এ প্রবণতা আগামী বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের ঝুঁকি থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।