
পরিবেশ সংরক্ষণ এবং বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলার পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে ২ হাজার ৩০০টি তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণ কৃষি উদ্যোক্তা মো. ওমর শরীফের উদ্যোগে মঙ্গলবার (৪ আগস্ট) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার কাটাছরা ইউনিয়নের ছত্ত্বর ভূঁইয়ারহাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলিউল কবির ইকবাল, জোহরা অ্যাগ্রো ফার্মস অ্যান্ড নার্সারির ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ, কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, দেশে তাল ও খেজুরগাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এমন উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।
উদ্যোক্তা মো. ওমর শরীফ বলেন, প্রতিবছর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়। এবার ঠাকুরদীঘি থেকে ছত্ত্বর ভূঁইয়ারহাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে ২ হাজার ৩০০টি তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।