
নদী রক্ষা ও প্রকৃতি সংরক্ষণে কাজ করা সামাজিক সংগঠন তরী বাংলাদেশের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল থেকে দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়।
তরী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হুসেন বলেন, পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে তরী বাংলাদেশের উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সংগঠনটি জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক শামীম আহমেদ, কেন্দ্রীয় সদস্য খায়রুজ্জামান ইমরান ও নাজমুল খান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জুবাইদুর রহমান মেহেদী, সদস্য সচিব নোমান আহমেদ এবং সদস্য খোকন মিয়া ও ওমর ফারুক হৃদয়। এ ছাড়া সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও অংশ নেন।
বক্তারা বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ ও চারা বিতরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রকৃতি ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও বৃক্ষরোপণ, চারা বিতরণ, নদী-জলাশয় রক্ষা ও পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে তরী বাংলাদেশ।