
রাজধানীর ঢাকা-১৮ আসনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সম্মিলিত উদ্যোগে নির্ধারিত সময়ের আগেই ২০৩৫ সালের মধ্যে দেশের বৃক্ষাচ্ছাদন ২৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য অর্জন সম্ভব।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর উত্তরার নওয়াব হাবিবউল্লাহ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’-এর ডাক দিয়েছিলেন। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, খাল খনন এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে তিনি স্বনির্ভর বাংলাদেশ গড়ার দিকনির্দেশনা দিয়েছিলেন।
তিনি আরও বলেন, ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গাজীপুরের শালনায় নিজ হাতে মেহগনির চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ অভিযানকে গণমুখী করেন। পরবর্তীতে ১৯৯৪ সালে জাতীয় বৃক্ষমেলারও সূচনা করেন তিনি।
আবদুল আউয়াল মিন্টু প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, তরুণ ও যুব সংগঠনকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, গাছ টিকিয়ে রাখতে না পারলে মানুষের জীবনও হুমকির মুখে পড়বে। এজন্য ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। মাসব্যাপী এ কর্মসূচির আওতায় ঢাকা-১৮ আসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।