
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (BATB) কোম্পানি লিমিটেডে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করা ৩৭০ জন ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফকে স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগের দাবি জানিয়েছেন শ্রমিকরা। একই সঙ্গে দাবি আদায়ে আবেদন করার পর বদলি, চাকরিচ্যুতি, জিডি, মামলা ও হয়রানির অভিযোগ তুলে এর প্রতিকার চেয়েছেন তারা।
রোববার (৩০ আগস্ট) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি জানান বিভিন্ন রিজিওনে কর্মরত শ্রমিকরা।

স্মারকলিপিতে শ্রমিকরা জানান, তারা BATB-এর স্থায়ী ধরনের কাজে এমএসএম লজিস্টিকস লিমিটেড ও ইন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের (আইএসএসএল) মাধ্যমে নিয়োজিত রয়েছেন। ২০০৭ সাল ও পরবর্তী বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া এসব শ্রমিক BATB-এর চেচুয়া, ঝিনাইদহ, আল্লাহর দর্গা, মেহেরপুর, রংপুর, মানিকগঞ্জ, চট্টগ্রাম এবং উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ লিফ রিজিওনের বিভিন্ন ইউনিটে দীর্ঘদিন ধরে কাজ করছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

শ্রমিকদের দাবি, ফিল্ড টেকনিশিয়ান পদটি তামাক উৎপাদন ও ক্রয় কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ। বীজতলা প্রস্তুত থেকে তামাক ক্রয় পর্যন্ত পুরো উৎপাদন প্রক্রিয়ায় তারা কাজ করেন। চাষি নির্বাচন, চুক্তি সম্পাদন, বীজতলা প্রস্তুত, ঋণ বিতরণ, ‘Agri 360’ কার্যক্রম, BAT Leaf ও বিজয় অ্যাপ পরিচালনা, মাঠ পর্যবেক্ষণ, টপিং, সাকারিসাইড প্রয়োগ, হার্ভেস্টিং, কিউরিং তদারকি, গ্রেডিং, বেল প্রস্তুত, ট্রান্সপোর্ট পারমিট (TP) ইস্যু, তামাক ক্রয়, ধইঞ্চা চাষ ও বনায়নসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন তারা।
স্মারকলিপিতে আরও বলা হয়, আগে BATB-এর নিজস্ব স্থায়ী শ্রমিকরা ‘ফিল্ড সুপারভাইজার’ পদে থেকে একই ধরনের দায়িত্ব পালন করতেন। পরে পদবির পরিবর্তন করে একই ধরনের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে বলে দাবি শ্রমিকদের।

শ্রমিকরা বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১৬(৫) এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০২২-এর বিধি ১৮(২)-এর কথা উল্লেখ করে ফিল্ড টেকনিশিয়ানদের কাজকে প্রতিষ্ঠানের স্থায়ী ও মূল কাজ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। তাদের দাবি, ফিল্ড টেকনিশিয়ানদের দায়িত্ব বছরের ১২ মাস অব্যাহত থাকে এবং BATB-এর মূল উৎপাদন কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
স্মারকলিপিতে বলা হয়েছে, স্থায়ী পদে নিয়োগ ও প্রতিকারের দাবিতে শ্রমিকরা গত ১৮ জুন, ২৪ জুন, ১৫ জুলাই ও ১৭ আগস্ট কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ কুষ্টিয়া, চট্টগ্রাম, রংপুর ও যশোর কার্যালয়ে আবেদন করেছেন। পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ের সচিবের কাছেও আবেদন করা হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, BATB কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের স্থায়ী পদ ও অর্গানোগ্রাম-সংক্রান্ত তথ্য গোপন করে দীর্ঘদিন ধরে তাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে দেখিয়ে আসছে। এছাড়া প্রতিষ্ঠানের সার্ভিস রুল ও অর্গানোগ্রাম যথাযথ অনুমোদন পেয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

স্মারকলিপিতে শ্রমিকরা চার দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো-ফিল্ড টেকনিশিয়ান পদকে BATB-এর স্থায়ী ও মূল কাজের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া, দীর্ঘদিন কর্মরত ফিল্ড টেকনিশিয়ানদের BATB-এর স্থায়ী শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করা, শ্রম আইন ও শ্রম বিধিমালা লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে প্রতিকার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া।
এদিকে, দাবি ও আবেদন দাখিলের পর শ্রমিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগও করা হয়েছে স্মারকলিপিতে। শ্রমিকদের দাবি, BATB কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ২০ জন শ্রমিককে দেশের দূরবর্তী স্থানে বদলি এবং ৫৬ জনকে চাকরিচ্যুত করেছে। এছাড়া কুষ্টিয়ার মিরপুর থানায় ৩৮ জনের নামে জিডি, দৌলতপুর থানায় ১০ জনের নামে জিডি এবং রংপুর কোতোয়ালি থানায় ছয়জনের নামে মামলা করা হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

শ্রমিকদের অভিযোগ, তাদের নিয়মিত হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও স্মারকলিপিতে দাবি করা হয়েছে।
এ অবস্থায় শ্রমিকরা তাদের দাবি নিরপেক্ষভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া, BATB-এর স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগ এবং অন্যান্য আইনানুগ সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্মারকলিপির অনুলিপি মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং BATB-এর ব্যবস্থাপনা পরিচালকের কাছেও দেওয়া হয়েছে। এর সঙ্গে বিভিন্ন রিজিওনের ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফদের স্বাক্ষর সংযুক্ত করা হয়েছে।