
নেত্রকোনায় পলিথিনবিরোধী অভিযানে একটি দোকান থেকে ১৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (২৩ আগস্ট) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শহরের মেছুয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অর্থদণ্ড পাওয়া ব্যবসায়ীর নাম প্রবীর সরকার। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম ঋত্বিক চৌধুরী। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল ইসলাম।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন জানান, অভিযানে প্রবীর সরকারের দোকান থেকে ১৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযান চলাকালে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
তিনি বলেন, জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।