ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

দেশের পাঁচ অঞ্চলে ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ । ২১ জন

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, এ ধরনের ঝড়ো আবহাওয়ায় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। পাশাপাশি জনসাধারণকে অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।