ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়ন জরুরি

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ এপ্রিল ২০২৬, ৫:৪৭ বিকাল

Link Copied!

বাংলাদেশে উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। তবে এ খাত মোকাবেলায় প্রয়োজনীয় টেকসই অর্থায়নের ঘাটতি রয়েছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে পর্যাপ্ত বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সবার জন্য ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ (৬ এপ্রিল) গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত “উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়ন: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনারে এসব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”।

ওয়েবিনারে জানানো হয়, বাংলাদেশে অসংক্রামক রোগের ঝুঁকি ক্রমেই বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী দেশের শীর্ষ ১০টি রোগের মধ্যে উচ্চ রক্তচাপ প্রথম স্থানে রয়েছে। বর্তমানে দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই অসংক্রামক রোগজনিত।

তবে এ খাতে বরাদ্দ অত্যন্ত কম। মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ অসংক্রামক রোগ মোকাবেলায় ব্যয় করা হয়। বক্তারা বলেন, সরকারের উদ্যোগ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় কমিউনিটি ক্লিনিকগুলোতে উচ্চ রক্তচাপের ওষুধের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না, ফলে প্রান্তিক জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ওয়েবিনারে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এনামুল হক বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধ সরবরাহ নিশ্চিত করতে বাজেট বাড়ানো জরুরি। একই সঙ্গে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক, যা অকালমৃত্যুর অন্যতম কারণ। টেকসই অর্থায়নের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করা গেলে এ রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে শুধু অর্থায়নই নয়, কার্যকর নীতি ও পরিকল্পনার সঠিক বাস্তবায়নও জরুরি।

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মো. রিয়াদ আরেফিন জানান, পর্যাপ্ত বাজেট বরাদ্দ থাকলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ওষুধের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব।

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা বলেন, দেশে অসংক্রামক রোগে মৃত্যুহার বেশি হলেও এ খাতে বরাদ্দ অত্যন্ত কম। জনস্বাস্থ্য সুরক্ষায় বাজেট বৃদ্ধি এখন সময়ের দাবি।

ওয়েবিনারে আরও বক্তব্য দেন গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ইলেক্ট ডা. আবু জামিল ফয়সাল। প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স