ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

দেশে ২২ দিনে হাম ও উপসর্গ নিয়ে ১১৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ণ । ২১ জন

দেশে গত ২২ দিনে হাম ও হাম সন্দেহে ১১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সাড়ে সাত হাজারেরও বেশি শিশু এ রোগে আক্রান্ত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে ৭ হাজার ৬১০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে ১১৩ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১৭ জনের।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগ-এ। এখানে মোট ৩ হাজার ২৫৯ জন শিশু আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৪৬৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৬৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৮ জন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে।

মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগ-এ, যেখানে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এরপর রয়েছে ঢাকা বিভাগে ১০ জনের মৃত্যু। এ সময়ে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে মৃত্যুর কোনো ঘটনা পাওয়া যায়নি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।