
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে রোববার (১৭ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৪৬৬ জন ডেঙ্গু রোগী।
রোববার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩৫ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী। একই সময়ে ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত মোট ২৬ হাজার ৩৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
অন্যদিকে, করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যেও দেশে সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত করোনায় দেশে ৩১ জন মারা গেছেন। এ পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৫২ হাজার ২৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৩০ জনে।