
মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ২৪৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয়জন, ঢাকা উত্তর সিটিতে আটজন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন, খুলনা বিভাগে আটজন রয়েছেন।
এছাড়া রাজশাহী বিভাগে পাঁচজন, ময়মনসিংহ বিভাগে সাতজন, রংপুর বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে একজন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, গত এক দিনে সারাদেশে ২২২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ২৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫ হাজার ৯৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩০ জন।