
ভারতের রাজধানী নয়াদিল্লিতে টানা কয়েক দিনের ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের বহু এলাকা। এরই মধ্যে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) আরও কয়েক দিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজধানীর পঞ্চকুইয়ান মার্গ, মথুরা রোড, মিন্টো ব্রিজ, বিজয় চক, মোতিবাগ, রাফি মার্গ, রাও তুলারাম মার্গ এবং নিজামউদ্দিন ফ্লাইওভারসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে ও কখনও একটানা অব্যাহত রয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে এ পর্যন্ত নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আইএমডি জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে এবং আরও কয়েক দিন তা চলবে।
বৃষ্টিভেজা আবহাওয়ায় রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রির মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দিল্লিতে বর্ষাকাল সাধারণত জুন ও জুলাইয়ে সীমাবদ্ধ থাকে। আগস্ট মাসে এমন দীর্ঘ ও টানা বৃষ্টিপাত শহরে বিরল ঘটনা হিসেবে দেখা দিয়েছে।