ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. সর্বশেষ

তরুণদের সুরক্ষা ও অসংক্রামক রোগ প্রতিরোধে তামাক কর বাড়ানোর দাবি

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুন ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ

Link Copied!

অসংক্রামক রোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা এবং তরুণদের ধূমপান শুরু নিরুৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তামাকপণ্যের দাম ও কর বাড়ানোর দাবি জানিয়েছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তাদের মতে, দেশে তামাকপণ্যের কম দাম ও সহজলভ্যতার কারণে বিপুলসংখ্যক তরুণ ধূমপানের দিকে ঝুঁকছে, যা ভবিষ্যতে হৃদরোগ, ক্যানসার, স্ট্রোকসহ বিভিন্ন অসংক্রামক রোগের বোঝা আরও বাড়িয়ে দেবে।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত ‘তরুণদের তামাক ব্যবহার ও অসংক্রামক রোগের ঝুঁকি প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির উদ্যোগে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের কারিগরি সহায়তায় এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানে প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির পরিচালক ও মানবসম্পদ বিভাগের প্রধান ডা. মুনতাহা ফারহান।

এতে বলা হয়, বর্তমানে দেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন এবং প্রতিবছর প্রায় ২ লাখ মানুষ তামাকজনিত রোগে অকালে মারা যান। ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে তামাক ব্যবহারের হার ১০ দশমিক ৩ শতাংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়, ২০২৪ সালে তামাক ব্যবহার ও উৎপাদনের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা। বিপরীতে একই সময়ে সরকার তামাক খাত থেকে রাজস্ব আয় করেছে প্রায় ৪১ হাজার কোটি টাকা।

মূল প্রবন্ধে আগামী অর্থবছরের বাজেটে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট একীভূত করে ১০ শলাকার প্যাকেটের খুচরা মূল্য ১০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। পাশাপাশি প্রতি প্যাকেটে ৪ টাকা সুনির্দিষ্ট কর আরোপ এবং উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম যথাক্রমে ১৫০ ও ২০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, অসংক্রামক রোগ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার ও দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ তামাক। তরুণ বয়সে তামাকের আসক্তি শুরু হলে পরবর্তী জীবনে অসংক্রামক রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তাই তরুণদের তামাক থেকে দূরে রাখতে আসন্ন বাজেটে তামাকপণ্যের দাম বৃদ্ধি জরুরি।

জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেন, তামাকপণ্যের দাম বৃদ্ধি জনস্বাস্থ্য ও অর্থনীতি, উভয় ক্ষেত্রেই লাভজনক। আন্তর্জাতিক অভিজ্ঞতায় দেখা গেছে, মূল্য বৃদ্ধি করলে তরুণ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে তামাক ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে যায়। একই সঙ্গে সরকারের রাজস্ব আয়ও বাড়ে।

তিনি বলেন, বিদ্যমান বহুস্তরবিশিষ্ট কর কাঠামো সংস্কার করা গেলে সরকার ৮৫ হাজার কোটি টাকার বেশি তামাক কর রাজস্ব পেতে পারে, যা বর্তমানের তুলনায় প্রায় ৪৪ হাজার কোটি টাকা বেশি।

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক (যুগ্মসচিব) মো. আখতারউজ-জামান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। ইতোমধ্যে তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হয়েছে।

তিনি বলেন, তামাকপণ্যের কার্যকর কর ও মূল্যবৃদ্ধি শিশু-কিশোর ও তরুণদের মধ্যে তামাক ব্যবহারের প্রবণতা কমাতে সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলোর একটি।

বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, ‘তামাকজনিত রোগের বোঝা কমাতে কার্যকর তামাক করনীতি প্রয়োজন। নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট একীভূত করে ১০ শলাকার প্যাকেটের মূল্য কমপক্ষে ১০০ টাকা নির্ধারণ করা হলে নিম্ন আয়ের মানুষের মধ্যে সিগারেটের সহজলভ্যতা কমবে, তরুণদের ধূমপান শুরু নিরুৎসাহিত হবে এবং সরকারের রাজস্ব আয়ও বাড়বে।’

সভাপতির বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, তরুণদের সুরক্ষায় কার্যকর তামাক করনীতি জাতীয় উন্নয়নের অপরিহার্য অংশ। তামাকপণ্যের ওপর কার্যকর কর বৃদ্ধি করলে একদিকে তামাক ব্যবহার কমবে, অন্যদিকে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

তিনি বলেন, প্রস্তাবিত কর সংস্কার বাস্তবায়িত হলে প্রায় ৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে। একই সঙ্গে ৩ লাখ ৭২ হাজারের বেশি তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে এবং দীর্ঘমেয়াদে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষের অকালমৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে।

এছাড়াও সেমিনারটিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

Facebook Comments Box

আরও পড়ুন

PKSF and CIMMYT to work together for sustainable agricultural development

টেকসই কৃষি উন্নয়নে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও CIMMYT

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৩২

ভূমিকম্পে কাঁপল দক্ষিণ মেক্সিকো উপসাগর, আতঙ্ক ফ্লোরিডায়

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

পদ্মা ব্যারেজ: ৭ কোটি মানুষের জন্য পানি নিরাপত্তার নতুন পরিকল্পনা

সরাইলে বাস খাদে পড়ে ৪ জন নিহত

সন্ধ্যার মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

আগামী ৫ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মুনাফার পাশাপাশি জনস্বাস্থ্যের গুরুত্ব দেওয়ার আহ্বান