
বিদ্যুৎ ও গ্যাসের সংকট এক মাসে সমাধান হওয়ার মতো নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জ্বালানি সংকট সমাধানে সরকার কাজ করছে। তবে এর সমাধান হবে ধীরগতিতে।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। এ সংকট দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে এটি এক মাসের মধ্যে সমাধান হওয়ার মতো সমস্যা নয়।
দেশে বিনিয়োগের পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে উল্লেখ করে আমির খসরু বলেন, বিনিয়োগ ছাড়া অর্থনীতিতে কোনো কিছুই করা সম্ভব নয়। এ জন্য সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, একা অর্থমন্ত্রী বা সরকার কোনো কিছু করতে পারে না। বিনিয়োগের পরিবেশ তৈরিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় এসে বারবার কঠিন পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড় করিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কমিটি গঠন ও ওয়েবসাইট চালুর কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা কোথাও আটকে গেলে তা সমাধানে সরকার বদ্ধপরিকর। তবে কোথাও বাধার মুখে পড়লে ব্যবসায়ীদেরও নিজেদের উদ্যোগে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এদিকে সরকারি দফতরে অপ্রয়োজনে বারবার কাগজপত্র চাওয়া ও অনৈতিক অর্থ দাবির কারণে মানুষের অতিরিক্ত খরচ ও ভোগান্তি বন্ধের আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
তিনি বলেন, এই ধরনের হয়রানি জ্বালানি সংকটের মতো নয় যে সমাধানে দুই বছর সময় লাগবে। সরকার চাইলে এ ধরনের ‘হয়রানি ট্যাক্স’ বন্ধ করতে পারে।