
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে শনিবার (১৯ জুলাই) সকাল থেকেই যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সমাবেশে যোগ দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে সারি সারি বাস ও মাইক্রোবাসে করে রাজধানীতে প্রবেশ করছেন দলটির নেতাকর্মীরা। সরেজমিনে দেখা গেছে, যাত্রাবাড়ীর কাজলা, শনির আখড়া, রায়েরবাগ এলাকা থেকে শুরু করে যানজট ছড়িয়ে পড়েছে মেডিকেল পর্যন্ত।
গাড়িগুলোর অধিকাংশই জামায়াতের সমাবেশমুখী। বেশিরভাগ বাসের গায়ে সমাবেশ সংক্রান্ত ব্যানার সাঁটানো রয়েছে। এসব যান Mayor Hanif Flyover দিয়ে গুলিস্তান হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছাচ্ছে।
ফলে সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জ, চিটাগাং রোড, সোনারগাঁ, মদনপুরসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাসের সংকট দেখা গেছে। শনির আখড়া ও রায়েরবাগ বাসস্ট্যান্ডে শত শত যাত্রী বাসের জন্য অপেক্ষায় ছিলেন। বাস কাউন্টারগুলোর কর্মীরা জানিয়েছেন, অধিকাংশ বাস আজ রিজার্ভ নেয়া হয়েছে জামায়াতের সমাবেশের জন্য।
দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
সমাবেশে দলটির সাত দফা দাবি উপস্থাপন করা হবে, যার মধ্যে রয়েছে—
১. আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
২. গণহত্যার বিচার,
৩. প্রয়োজনীয় মৌলিক সংস্কার,
৪. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন,
৫. জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন,
৬. পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন,
৭. এক কোটির বেশি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করা।
পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে বলে জানা গেছে।