
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশবান্ধব বাড়ি নির্মাণের লক্ষ্যে স্থাপত্য নকশা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। দ্য ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)-এর সঙ্গে যৌথভাবে ‘জলবায়ু-সহনশীল ও সাশ্রয়ী গ্রামীণ আবাসনের জন্য উন্মুক্ত স্থাপত্য নকশা প্রতিযোগিতা’ আয়োজন করবে সংস্থাটি।
রোববার (২৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১-এ এ বিষয়ে পিকেএসএফ ও আইএবির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। সমঝোতা স্মারকে পিকেএসএফের পক্ষে স্বাক্ষর করেন উপব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ এবং আইএবির পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ।
প্রতিযোগিতার মাধ্যমে দেশের দুর্যোগ ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার জন্য সাশ্রয়ী, নিরাপদ, পরিবেশবান্ধব ও বাস্তবায়নযোগ্য গ্রামীণ আবাসনের নকশা আহ্বান করা হবে। এ ক্ষেত্রে উপকূলীয় অঞ্চল, হাওর ও জলাভূমি, চর ও প্লাবনভূমি এবং পাহাড়ি ও বরেন্দ্র অঞ্চলের ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্য বিবেচনায় নেওয়া হবে।
প্রতিযোগিতায় জমা পড়া নকশাগুলোর মধ্য থেকে মাঠপর্যায়ে ব্যবহারের উপযোগী সেরা ১০টি আবাসন মডেল নির্বাচন করবে পিকেএসএফ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) অর্থায়নে পিকেএসএফ বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্ট হোমস্টেড অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট’ (আরএইচএল) প্রকল্পের আওতায় ইতোমধ্যে দেশের উপকূলীয় সাতটি জেলায় সাড়ে তিন হাজারের বেশি জলবায়ু-সহনশীল বাড়ি নির্মাণ করা হয়েছে।
নতুন এ যৌথ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আবাসনব্যবস্থার উন্নয়ন এবং তাদের সার্বিক সক্ষমতা বৃদ্ধিতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশা করছে পিকেএসএফ।