
দেশের বাজারে টানা চার দফায় কমেছে সোনার দাম। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে মোট ১০ হাজার ৪৩৯ টাকা। সর্বশেষ গত রোববার (২৫ অক্টোবর) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানোর পর বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
সোমবার (২৬ অক্টোবর) দেশের বাজারে নির্ধারিত এ দামেই সোনা বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, নতুন করে দাম পরিবর্তনের ঘোষণা না আসা পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।
বাজুসের তথ্য অনুযায়ী, এর আগে গত ১৩, ২২ ও ২৩ অক্টোবর তিন দফায় সোনার দাম কমানো হয়। ওই তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছিল ৭ হাজার ১১৫ টাকা। সর্বশেষ দফার মূল্যহ্রাসসহ চার দফায় মোট দাম কমেছে ১০ হাজার ৪৩৯ টাকা।
বর্তমানে বাজুস নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
এদিকে, দেশের বাজারে রুপার দামও নির্ধারিত রয়েছে বিভিন্ন মান অনুযায়ী। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা।