
রাজধানীর গুলশান-১ চত্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে পরিশোধ না করে পালানোর চেষ্টার অভিযোগে সাইফুল (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে মারধরের চেষ্টা ও মব সৃষ্টির উদ্যোগ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গুলশান-১-এর পশ্চিম সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গুলশান ট্রাফিক জোনের সার্জেন্ট নাজমুল ইসলাম ফোর্সসহ টেঙ্গু-৩২ লোকেশনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গুলশান-১-এর পশ্চিম সিগন্যাল এলাকায় লোকজনের হইচই শুনে তারা ঘটনাস্থলে যান।
সেখানে উপস্থিত লোকজনের কাছ থেকে পুলিশ জানতে পারে, সাইফুল নামের ওই যুবক একটি বিকাশের দোকান থেকে টাকা সেন্ড করে পরিশোধ না করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
পরে উপস্থিত জনসাধারণের সহায়তায় সার্জেন্ট নাজমুল ইসলাম ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা ওই যুবককে আটক করেন।
পুলিশ আরও জানায়, আটকের পর উত্তেজিত জনতা ওই যুবককে মারধর এবং মব সৃষ্টির চেষ্টা করলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে আটক ব্যক্তিকে নিরাপত্তার জন্য পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক যুবককে গুলশান থানার এসআই গোলাম সবুরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।