
খুলনায় মাসব্যাপী বিভাগীয় বৃক্ষমেলায় ১ কোটি ৯ লাখ টাকার ৭৭ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, গাছ মানুষের পরম উপকারী বন্ধু ও অর্থকারী ফসল। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ যেমন অর্থনৈতিকভাবে লাভবান হয়, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে গাছের প্রয়োজন রয়েছে। তাই সবাইকে নিজে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে।
বিভাগীয় কমিশনার আরও বলেন, বৃক্ষ বিষাক্ত জলীয় বাষ্পের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার পাশাপাশি বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ সংরক্ষণে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন সংরক্ষক ইমরান আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান। নার্সারি মালিক সমিতির সভাপতি মো. বদরুল আলম রয়েল ও সাংবাদিক আল মাহমুদ প্রিন্সও বক্তব্য দেন।
জেলা প্রশাসন ও খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এ বৃক্ষমেলার আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে বৃক্ষমেলা নিয়ে প্রতিবেদন করায় পাঁচজন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং মেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টল প্রতিনিধিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।