
কক্সবাজারসহ দেশের সব পর্যটনকেন্দ্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
রোববার (২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ‘মানিকগঞ্জ জেলাভিত্তিক পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের ডিপিপি যাচাই কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় মানিকগঞ্জে নদীভিত্তিক পর্যটন বিকাশ, পর্যটন তথ্য ও সেবা কেন্দ্র, হস্তশিল্প কেন্দ্র এবং লাইফগার্ড সেবা কেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা হয়। এ সময় বালিয়াটি প্রাসাদ, ধামরাই লোকশিল্প কেন্দ্রসহ ঐতিহ্যবাহী পর্যটন স্থাপনাগুলোর সংরক্ষণ, পুনর্বাসন এবং পর্যটন উপযোগী করে গড়ে তোলার নির্দেশনা দেন মন্ত্রী।
তিনি বলেন, প্রতিটি পর্যটন স্থানের জন্য আলাদা থিম নির্ধারণ করে প্রকল্প নিতে হবে এবং স্থানীয় জনগণের জীবন-জীবিকার সঙ্গে পর্যটন উন্নয়নকে সম্পৃক্ত করতে হবে।
আফরোজা খানম বলেন, গত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তাই সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে এ খাতের উন্নয়নে কাজ করতে হবে। পাশাপাশি কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু সংলগ্ন অতিথিশালাগুলো সাধারণ মানুষের জন্য পর্যটন আকর্ষণ হিসেবে উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রচারণামূলক ওয়েবসাইটের মাধ্যমে দেশের পর্যটন সম্ভাবনা দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার আহ্বান জানান।
এর আগে সভার শুরুতে কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মন্ত্রী। তিনি ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটিকে সমন্বিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।