
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৩ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে ২২ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায়-দেনা বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়। এই পদ্ধতিই বর্তমানে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মানদণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক লেনদেন পরিস্থিতির উন্নতির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ধারাবাহিক ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।