
বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) থেকে ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়ছে। গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এ নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু হবে এবং পরে দেশের অন্যান্য অফিস থেকেও সরবরাহ করা হবে।
১৪০ মি.মি. × ৬২ মি.মি. আকারের নতুন নোটের সম্মুখভাগে বামপাশে ষাট গম্বুজ মসজিদ ও মাঝখানে প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। পেছনে রয়েছে সুন্দরবনের দৃশ্য। জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, এর নিচে ইলেক্ট্রোটাইপে ‘100’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম যুক্ত করা হয়েছে। নোটের মূল রং নীল।
নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে এতে রয়েছে—রঙ পরিবর্তনশীল কালি দিয়ে মুদ্রিত মূল্যমান ‘১০০’, পেঁচানো নিরাপত্তা সুতা যা নাড়াচাড়া করলে লাল থেকে সবুজে পরিবর্তিত হয়, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্পর্শে অনুভবযোগ্য চিহ্ন, ইন্টাগ্লিও প্রিন্টিং, মাইক্রোপ্রিন্ট, সি-থ্রু ইমেজ, গুপ্ত লেখা, UV দৃশ্যমান ফাইবার এবং কিউরিং ভার্নিশসহ মোট ১০টি সুরক্ষা উপাদান।
বর্তমানের সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা প্রচলিত থাকবে। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য বিনিময়যোগ্য নয় এমন ১০০ টাকার নমুনা নোটও প্রকাশ করা হয়েছে, যা টাকা জাদুঘর, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।