ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু-ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪

প্রতিবেদক
বিপ্লব হোসাইন
২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৬ সকাল

Link Copied!

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনোর প্রভাবে টানা কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডরে। উপচে পড়ছে নদীর পানি, তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক। বন্যা ও ভূমিধসে ইকুয়েডরে গত আগস্টের শেষ দিক থেকে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় চলছে উদ্ধার ও সরিয়ে নেওয়ার অভিযান। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, সামনের দিনগুলোতে আরও বৃষ্টিপাত হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ইকুয়েডরের উত্তর সীমান্ত থেকে পেরুর উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণত শুষ্ক আবহাওয়ার এসব উপকূলীয় অঞ্চলে এবার কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। শক্তিশালী এল নিনো পরিস্থিতিকে আরও তীব্র করে তুলেছে।

ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, আগস্টের শেষ দিক থেকে দেশটিতে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভূমিধসে বাড়িঘর চাপা পড়ে আরও দুজনের মৃত্যু হয়।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এসামেরালদাস প্রদেশে দুটি নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বেশ কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। শনিবার সকাল পর্যন্ত বন্যা ও ভূমিধসে দেশটির ৫০টির বেশি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অন্তত ১০টি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ হওয়া সড়কের মধ্যে রাজধানী কুইটো থেকে উপকূলীয় অঞ্চলের প্রধান মহাসড়কও রয়েছে।

বন্যার কারণে ইকুয়েডরের স্থানীয় নির্বাচন আয়োজনেও বিঘ্ন ঘটেছে। এল নিনোর সম্ভাব্য প্রভাব এড়াতে নির্বাচনটি আগে ফেব্রুয়ারি থেকে নভেম্বর মাসে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ভারী বৃষ্টির কারণে পাঁচটি প্রদেশের ভোটকেন্দ্র স্থানান্তর করেছে দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিল। আরও কয়েক ডজন ভোটকেন্দ্র ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

ইকুয়েডরের প্রতিবেশী পেরুর উত্তরাঞ্চলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দেশটির প্রধান উত্তর-দক্ষিণ যোগাযোগপথ প্যান-আমেরিকান মহাসড়কের একটি অংশ প্লাবিত হয়েছে তুম্বেস নদীর পানি উপচে পড়ায়। নদীর পানিতে আটকে পড়া সাতজন পশুপালককে উদ্ধার করেছে পুলিশ।

পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পিউরায় ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও বাড়িঘর কোমরসমান পানিতে তলিয়ে গেছে। বন্যাকবলিত বাড়িঘর থেকে প্রায় ৪০০ মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি। তবে ওই সময় আরও প্রায় এক ডজন মানুষ পানিবন্দি অবস্থায় ছিলেন।

পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও চীনের কাছ থেকে সহায়তা সমন্বয় করছে পেরু সরকার। দেশটিতে সম্ভাব্য বড় ধরনের এল নিনো পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ফুজিমোরি।

এল নিনোর প্রভাব শুধু বন্যা ও জনজীবনের বিপর্যয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। পেরুতে কৃষি উৎপাদন ও মাছের আহরণ কমে যাওয়ায় খাদ্যপণ্যের দামও বাড়ছে। এতে দেশটির রাজধানী লিমায় জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে।

সাধারণত শুষ্ক আবহাওয়ার শহর লিমার কোনো কোনো এলাকায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবার অন্য এলাকায় দেখা যাচ্ছে অস্বাভাবিক গরম। সেখানে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১০ ডিগ্রি বেশি।

খাদ্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতেও। অক্টোবরে লিমায় বার্ষিক মূল্যস্ফীতি ৫ শতাংশ ছাড়িয়েছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। পেরুর কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, এল নিনোর কারণে চলতি বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ১ শতাংশীয় পয়েন্ট কমতে পারে। ২০২৭ সালে প্রবৃদ্ধির ওপর প্রভাব আরও বেশি হতে পারে।

এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে পেরুর উত্তরাঞ্চলীয় পিউরা ও তুম্বেস এলাকায় সোমবার পর্যন্ত রেড অ্যালার্ট বাড়ানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এল নিনোর শক্তি ‘অসাধারণ’ পর্যায়ে থাকতে পারে। ফলে অঞ্চলটিতে আরও ভারী বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কা রয়েছে।

এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা। এতে গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের উপরিভাগের পানির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত, তাপমাত্রা ও ঝড়ের ধরনে পরিবর্তন আসে। পেরু ও ইকুয়েডরের বর্তমান পরিস্থিতি এরই একটি বড় উদাহরণ।

Facebook Comments Box

আরও পড়ুন

সোশ্যাল এন্টারপ্রাইজ মডেলে শনাক্ত ৫৩ হাজারের বেশি যক্ষ্ম রোগী

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

রাজস্ব আয় না বাড়লে বিনিয়োগ-বাণিজ্যে ভারসাম্য সম্ভব নয়: অর্থমন্ত্রী

গরুবাহী ট্রলি খাদে পড়ে চালক নিহত

ওয়াশিংটনে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত ডানা

জীবননগরে মাটিবাহী লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

এআইয়ের নতুন সক্ষমতায় ঝুঁকিতে বিশ্বের ব্যাংক ও সরকারের গোপন তথ্য!

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

শ্রীমঙ্গলে এক দিনে তাপমাত্রা কমল ২.২ ডিগ্রি, বাড়ছে শীত

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

অস্বাভাবিক জোয়ার ও শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উপকূল

হিমেল হাওয়ায় কাঁপছে পঞ্চগড়, আরও কমল তাপমাত্রা