
সিগারেটের ধোঁয়া থেকে রেহাই মিলছে না অধূমপায়ীদেরও। অন্যের ধূমপানের কারণে সৃষ্ট পরোক্ষ ধোঁয়ার শিকার হয়ে ভিয়েতনামে প্রতিবছর প্রায় ১৯ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। অর্থাৎ, নিজেরা ধূমপান না করেও পরিবারের সদস্য, কর্মস্থল কিংবা জনসমাগমস্থলে অন্যের সিগারেটের ধোঁয়ায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। শুধু মৃত্যুই নয়, তামাকজনিত রোগের চিকিৎসা ব্যয়, কর্মক্ষমতা হারানো এবং পরিবেশদূষণ-সব মিলিয়ে বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক সংকট তৈরি হচ্ছে। ভিয়েতনামে তামাকের কারণে প্রতিবছর প্রায় ১ লাখ ৩ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। স্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের ক্ষতি মিলিয়ে দেশটির বার্ষিক লোকসানের পরিমাণ ২০৭ ট্রিলিয়ন ভিয়েতনামি ডং ছাড়িয়ে গেছে।
সম্প্রতি ভিয়েতনামের সংবাদমাধ্যম ভিয়েতনাম ডট ভিএনে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উদ্ধৃত গ্লোবাল বারডেন অব ডিজিজ (জিবিডি) গবেষণার হিসাব অনুযায়ী, ভিয়েতনামে তামাকের কারণে প্রতিবছর প্রায় ১ লাখ ৩ হাজার মানুষের মৃত্যু হয়। এর মধ্যে ৮৪ হাজার ৫০০ জনের মৃত্যু হয় সরাসরি ধূমপানের কারণে। অন্যদিকে, পরোক্ষ ধূমপানের শিকার হয়ে মারা যান প্রায় ১৮ হাজার ৮০০ মানুষ।
তামাকের ক্ষতি শুধু ধূমপায়ীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাড়ি ও কর্মস্থলে ধূমপানের ধোঁয়ার সংস্পর্শে আসা নারী, শিশু ও বয়স্করাও নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ভিয়েতনামে নারীদের মধ্যে ধূমপানের হার তুলনামূলক কম হলেও ৪৮ দশমিক ২ শতাংশ নারী বাড়িতে এবং ২৫ দশমিক ৪ শতাংশ নারী কর্মস্থলে নিয়মিত পরোক্ষ ধূমপানের শিকার হন।
প্রতিবেদনে বলা হয়েছে, সিগারেটের ধোঁয়ায় থাকা বিষাক্ত ও ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক উপাদান শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করে। তামাক ২০টির বেশি ধরনের ক্যানসার এবং বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়। এর মধ্যে ফুসফুসের ক্যানসার, হৃদ্রোগ, স্ট্রোক ও দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ অন্যতম।
এ ছাড়া ধূমপান পুরুষের শুক্রাণুর গুণগত মান কমিয়ে প্রজননক্ষমতায় প্রভাব ফেলতে পারে। নারীদের ক্ষেত্রে গর্ভধারণে জটিলতা, অপরিণত সন্তান প্রসব এবং কম ওজনের শিশু জন্মের ঝুঁকি বাড়ায়। গর্ভবতী নারী পরোক্ষ ধূমপানের শিকার হলেও ভ্রূণের বিকাশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
তামাকের আর্থিক ক্ষতি শুধু সিগারেট কেনার খরচে সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধূমপানের কারণে কেউ অসুস্থ হলে পরিবারের ওপর চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, অস্ত্রোপচার ও পুনর্বাসনের ব্যয় বাড়ে। রোগী কর্মক্ষমতা হারালে পরিবারের আয়ের উৎসও কমে যায়। অনেক ক্ষেত্রে স্বজনদের চাকরি বা কাজের সময় কমিয়ে রোগীর সেবা করতে হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ভিয়েতনামে তামাকজনিত স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে প্রায় ১০৮ দশমিক ৭ ট্রিলিয়ন ভিয়েতনামি ডং, যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ১৪ শতাংশের সমান।
এ ক্ষতির মধ্যে চিকিৎসা ব্যয়, অসুস্থতার কারণে কর্মক্ষমতা হ্রাস এবং অকালমৃত্যুর ফলে অর্থনৈতিক ক্ষতি অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদনে ২০১৯ সালে প্রকাশিত Tobacco Control সাময়িকীর একটি গবেষণার কথাও উল্লেখ করা হয়েছে। গবেষণায় দেখা যায়, তামাকের পেছনে ব্যয় অনেক পরিবারকে আর্থিক সংকটে ফেলতে পারে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো সিগারেট কেনা ও তামাকজনিত রোগের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে খাবার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক প্রয়োজনের জন্য বরাদ্দ কমাতে বাধ্য হয়।
তামাকের ক্ষতি শুধু স্বাস্থ্য ও অর্থনীতিতে সীমাবদ্ধ নয়, উৎপাদন থেকে শুরু করে ব্যবহার-পরবর্তী বর্জ্য পর্যন্ত পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাব রয়েছে।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, তামাকশিল্পের কারণে প্রতিবছর বিশ্বে প্রায় ৬০ কোটি গাছ ধ্বংস হয়। এ ছাড়া ২২ বিলিয়ন টন পানি ব্যবহার এবং ৮ কোটি ৪০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণের কারণে প্রতিবছর প্রায় ২ লাখ হেক্টর জমিও ক্ষতিগ্রস্ত হয়।
অন্যদিকে, ব্যবহারের পর ফেলে দেওয়া সিগারেটের ফিল্টার পরিবেশের জন্য বড় সমস্যা। এগুলোর অধিকাংশই সেলুলোজ অ্যাসিটেট নামের এক ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি, যা সহজে পচে না। রাস্তাঘাট, নালা, নদী ও জলাশয়ে ফেলে দেওয়া এসব ফিল্টার থেকে মাইক্রোপ্লাস্টিক, নিকোটিন ও বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে মাটি, পানি ও জলজ প্রাণীর ক্ষতি করে।
ভিয়েতনামে তামাকজনিত পরিবেশদূষণের আর্থিক ক্ষতির পরিমাণ বছরে প্রায় ৯৯ ট্রিলিয়ন ডং, যা জিডিপির ১ দশমিক ০৪ শতাংশের সমান। স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষতির ১০৮ দশমিক ৭ ট্রিলিয়ন ডংয়ের সঙ্গে এই পরিবেশগত ক্ষতি যোগ করলে দেশটির মোট বার্ষিক ক্ষতির পরিমাণ ২০৭ ট্রিলিয়ন ডং ছাড়িয়ে যায়। অর্থাৎ, তামাকের কারণে ভিয়েতনামের জিডিপির ২ শতাংশেরও বেশি ক্ষতি হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তামাকের ক্ষতি কমাতে শুধু ধূমপান ছাড়ার প্রচারণা যথেষ্ট নয়। এ জন্য প্রয়োজন সমন্বিত নীতি, জনসচেতনতা, কঠোর নজরদারি এবং আইনের কার্যকর প্রয়োগ।
কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, গণপরিবহন ও জনসমাগমস্থলে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও জরিমানার মতো পদক্ষেপ জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে।
তামাকের দাম ও কর বাড়ানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে। ডব্লিউএইচওর মতে, তামাকের ওপর কর বাড়ালে পণ্যের দাম বৃদ্ধি পায়, ফলে বিশেষ করে তরুণ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে তামাক ব্যবহারের প্রবণতা কমানো সম্ভব হয়। একই সঙ্গে ধূমপান ছাড়তে আগ্রহীদের জন্য কাউন্সেলিং ও চিকিৎসাসেবা সহজলভ্য করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, তামাক নিয়ন্ত্রণের সাফল্য শুধু কতজন ধূমপান ছেড়েছেন বা কত প্যাকেট সিগারেট বিক্রি কমেছে, তা দিয়ে পরিমাপ করা উচিত নয়। বরং কত মানুষের জীবন বাঁচানো গেল, কত পরিবারকে চিকিৎসার আর্থিক চাপ থেকে রক্ষা করা গেল এবং পরিবেশের কতটা ক্ষতি কমানো গেল, সেটিও বিবেচনায় নিতে হবে।