
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ শেষ হয়েছে গভীর মতবিরোধের মধ্য দিয়ে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় সম্মেলনের প্রস্তাবিত মূল চুক্তি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ। ফলে সম্মেলনের অন্যতম প্রধান দলিল ‘আন্তালিয়া প্যাক্ট’ চূড়ান্ত অনুমোদন পায়নি।
রোববার (২২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অধিবেশনে এ অচলাবস্থা তৈরি হয়। সম্মেলনটি শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও মতৈক্যে পৌঁছাতে না পারায় আলোচনা রোববার পর্যন্ত গড়ায়। এর মধ্য দিয়ে এটি জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ জলবায়ু সম্মেলনে পরিণত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
সম্মেলনের তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে তৈরি করা প্রস্তাবিত ‘আন্তালিয়া প্যাক্ট’-এ অর্থনীতির বিভিন্ন খাতে বিদ্যুতায়ন বাড়ানো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে ধনী দেশগুলোর অর্থায়ন এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার প্যারিস চুক্তির নির্ধারিত ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীমার ওপরে চলে যাওয়ার ঝুঁকি কমানোর কথা বলা হয়েছিল।
তবে চুক্তির খসড়ায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে কোনো সুস্পষ্ট অঙ্গীকার ছিল না। অথচ ১৩০টিরও বেশি দেশ এ বিষয়ে কার্যকর প্রতিশ্রুতি চেয়েছিল। পাশাপাশি কার্বন ধারণ ও সংরক্ষণ (সিসিএস) প্রযুক্তি অন্তর্ভুক্ত করা নিয়েও বিতর্ক তৈরি হয়। সমালোচকদের আশঙ্কা, এ প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা জীবাশ্ম জ্বালানির ব্যবহার দীর্ঘায়িত করতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী দারাগ ও’ব্রায়েন প্রস্তাবিত চুক্তির বিরোধিতা করেন। তিনি বলেন, চুক্তিটি বর্তমান সময়ের জলবায়ু সংকটের প্রয়োজনীয়তা পূরণ করতে পারেনি। জীবাশ্ম জ্বালানির উল্লেখ ছাড়া এমন কোনো সিদ্ধান্তে ইউরোপীয় ইউনিয়ন সম্মতি দেবে না, যা বৈজ্ঞানিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ইইউর এ অবস্থানের পর পানামা, মার্শাল দ্বীপপুঞ্জ ও নরওয়েও প্রস্তাবিত চুক্তির বিষয়ে আপত্তি জানায়। যুক্তরাজ্যসহ কয়েকটি দেশও একই অবস্থান নেয়। অন্যদিকে জলবায়ু সংকটের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ছোট দ্বীপরাষ্ট্র ও দরিদ্র দেশগুলোর কয়েকটিও চুক্তিটিকে সমর্থন করতে অস্বীকৃতি জানায়।
জলবায়ু বিশ্লেষণবিষয়ক সংস্থা ক্লাইমেট অ্যানালিটিকসের প্রধান নির্বাহী বিল হেয়ার বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ অবস্থান নেওয়ার মুহূর্ত। দেশগুলো জীবাশ্ম জ্বালানির স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।
তবে পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহাম্মদ আদো সম্মেলনের ফলাফল নিয়ে সমালোচনা করেন। তিনি এটিকে ইতিহাসের সবচেয়ে খারাপ কপ সম্মেলনগুলোর একটি হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো যখন ফসলহানি, ঘরবাড়ি ধ্বংস ও ঋণের বোঝায় বিপর্যস্ত, তখন ধনী দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা না পাওয়া তাদের কার্যত পরিত্যাগ করার শামিল।
অন্যদিকে সৌদি আরব খসড়া চুক্তিতে কার্বন ধারণ ও সংরক্ষণ প্রযুক্তি অন্তর্ভুক্তির পক্ষে অবস্থান নেয়। আফ্রিকা গ্রুপ, চীন ও পাকিস্তানও কিছু বিষয়ে আপত্তি থাকলেও চুক্তিটি পুরোপুরি প্রত্যাখ্যান করেনি। পাকিস্তানের প্রতিনিধির বক্তব্য ছিল, চুক্তির কয়েকটি বিষয় নিয়ে আপত্তি থাকলেও বাকি অগ্রগতিগুলো বিসর্জন দেওয়া উচিত নয়। ঘানা প্রক্রিয়াগত বিষয়ে সমালোচনা করলেও চূড়ান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেনি।
এদিকে মূল চুক্তিতে ঐকমত্য না হলেও জলবায়ু আলোচনার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ‘জাস্ট ট্রানজিশন’ বা ন্যায়সংগত জ্বালানি রূপান্তর ব্যবস্থা। এর লক্ষ্য হলো উচ্চ কার্বন নিঃসরণকারী শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের কম কার্বন নিঃসরণকারী অর্থনীতিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সহায়তা করা।
সম্মেলনের সভাপতি ও তুরস্কের জলবায়ু সম্মেলনবিষয়ক প্রধান মুরাত কুরুম স্বীকার করেন, মূল খসড়া চুক্তির বিষয়ে দেশগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়নি। ফলে প্রস্তাবটি অনুমোদন করা সম্ভব হয়নি। অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ও সম্মেলনের সহসভাপতি ক্রিস বোয়েন বলেন, আলোচনায় কোনো পক্ষই চেষ্টা করতে বাকি রাখেনি। তবে বিভিন্ন দেশের অবস্থানগত সীমারেখা এতটাই দূরবর্তী ছিল যে সেগুলোর মধ্যে সমঝোতা সম্ভব হয়নি।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের নির্বাহী সচিব সাইমন স্টিয়েলও আলোচনার ব্যর্থতা স্বীকার করেন। তবে তিনি জানান, সম্মেলনের প্রায় ১৬০টি আলোচ্যসূচির উল্লেখযোগ্যসংখ্যক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে বাস্তব অগ্রগতিও হয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্মেলনে সামগ্রিক সিদ্ধান্তে ঐকমত্য না হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, জলবায়ু সংকট যে জরুরি পদক্ষেপ দাবি করে, সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে সরকারগুলো ব্যর্থ হয়েছে। তবে আলোচনায় ঐকমত্য না হলেও জলবায়ুবিজ্ঞানের বাস্তবতা নিয়ে কোনো অস্পষ্টতা নেই।
প্রায় দুই সপ্তাহ ধরে চলা এ সম্মেলনে বিশ্বের প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। চলতি বছর তাপপ্রবাহ, খরা, বন্যা ও নেপালে হিমবাহ ধসের মতো বিভিন্ন চরম আবহাওয়াজনিত দুর্যোগে বিশ্বজুড়ে ব্যাপক প্রাণহানির প্রেক্ষাপটে অনুষ্ঠিত সম্মেলনটি থেকে বড় ধরনের অগ্রগতির প্রত্যাশা ছিল। কিন্তু জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, জলবায়ু অর্থায়ন এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিরোধের কারণে সেই প্রত্যাশা পূরণ হয়নি।