
মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই নিজ থেকে লক্ষ্যবস্তু নির্ধারণ ও আঘাত হানতে সক্ষম স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা (খুনি রোবট) নিয়ন্ত্রণে একটি বৈশ্বিক চুক্তির আলোচনা শুরু করতে ব্যর্থ হয়েছে বিশ্ব। কনভেনশন অন সার্টেন কনভেনশনাল উইপনসের (সিসিডব্লিউ) সপ্তম পর্যালোচনা সম্মেলনে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থার অটোনোমাস উইপনস সিস্টেমস (এডব্লিউএস) ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় আইনিভাবে বাধ্যতামূলক কোনো চুক্তি করার বিষয়ে একমত হতে পারেনি অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো। এর পরিবর্তে অস্পষ্ট আইনি মর্যাদাসম্পন্ন একটি কাঠামো তৈরির দুর্বল ও শিথিল ম্যান্ডেট গ্রহণ করা হয়েছে।
এই ফলাফলকে একটি বড় সুযোগ হাতছাড়া হওয়া হিসেবে দেখছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির গবেষণা, অ্যাডভোকেসি, নীতি ও প্রচারণা বিষয়ক সিনিয়র পরিচালক এরিকা গুয়েভারা রোসাস সম্মেলনের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
এক প্রতিক্রিয়ায় এরিকা গুয়েভারা রোসাস বলেন, ‘স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা নিয়ন্ত্রণে স্পষ্ট কোনো আইনি লক্ষ্য ছাড়াই আরও দুই বছর আলোচনা চালিয়ে যাওয়ার এই সমঝোতা বর্তমান সময়ের বাস্তবতার তুলনায় লজ্জাজনকভাবে অপ্রতুল। রাষ্ট্রগুলো যদি সত্যিই যুদ্ধক্ষেত্রে বাড়তে থাকা স্বয়ংক্রিয়তার ঝুঁকি মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ হয়, তবে সম্মত নীতিমালাগুলোকে একটি শক্তিশালী ও আইনিভাবে বাধ্যতামূলক বৈশ্বিক চুক্তিতে রূপ দিতে তাদের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে—প্রয়োজনে সিসিডব্লিউ-এর বাইরে গিয়ে হলেও।’
তিনি আরও বলেন, এসব অস্ত্রের ব্যবহারে মানুষের অর্থবহ নিয়ন্ত্রণ নিশ্চিত করার পাশাপাশি মানুষকে লক্ষ্যবস্তু করে তৈরি করা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা নিষিদ্ধ করার জন্য রাষ্ট্রগুলোকে অবশ্যই সোচ্চার হতে হবে।
১৩ বছরের আলোচনার চূড়ান্ত ব্যর্থতা :
সিসিডব্লিউ ফোরামের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে অ্যামনেস্টির এই শীর্ষ কর্মকর্তা জানান, ‘এই ফোরামে ১৩ বছর ধরে আলোচনার পর চলতি সপ্তাহের বৈঠকটি ছিল আমাদের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ মোকাবিলায় সিসিডব্লিউ-এর সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা। স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের নিয়মকানুন নির্ধারণে একটি শক্তিশালী বৈশ্বিক চুক্তির জরুরি প্রয়োজন মেটাতে এই ফোরাম ব্যর্থ হয়েছে।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সম্মেলনে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রই স্বয়ংক্রিয় অস্ত্রের ওপর একটি বৈশ্বিক চুক্তি প্রতিষ্ঠার পক্ষে ছিল। কিন্তু সিসিডব্লিউ-এর ‘ঐকমত্যের ওপর অনড় নির্ভরশীলতা’র সুযোগ নিয়ে গুটিকয়েক বাধাদানকারী রাষ্ট্র পুরো অগ্রগতি আটকে দিয়েছে। এর ফলে সশস্ত্র সংঘাতে আটকে পড়া বেসামরিক নাগরিকদের জন্য ভয়াবহ ও বিপর্যয়কর পরিণতি নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিভীষিকাময় ভবিষ্যতের সতর্কবার্তা :
স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থার ভয়াবহতা তুলে ধরে এরিকা গুয়েভারা রোসাস সতর্ক করেন, একবার সক্রিয় করা হলে এই যন্ত্রগুলো মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই নিজেই লক্ষ্যবস্তু নির্বাচন করে এবং আঘাত হানে। বর্তমানে অত্যন্ত দ্রুতগতিতে এ ধরনের অস্ত্র তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে প্রাণঘাতী শক্তির নিয়ন্ত্রণ যন্ত্রের হাতে তুলে দিলে এক অমানবিক ও বিভীষিকাময় ভবিষ্যতের হুমকি তৈরি হবে। কোনো ধরনের বিধিনিষেধ ছাড়া স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার অবাধ ও স্বয়ংক্রিয় হত্যাকাণ্ডের ভয়াবহ বিস্তার ঘটাতে পারে, যা মানুষের জন্য অকল্পনীয় দুর্ভোগ বয়ে আনবে এবং মৌলিকভাবে মানবাধিকার ও মানবিক মর্যাদাকে ধ্বংস করবে।’
আগের নজির ও ‘স্টপ কিলার রোবটস’ প্রচারণা :
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘স্টপ কিলার রোবটস’ প্রচারণার অন্যতম অংশীদার। এটি ৭৮টি দেশের ৩৩০টিরও বেশি নাগরিক সমাজের সংগঠনের একটি আন্তর্জাতিক জোট, যারা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থার ওপর একটি বৈশ্বিক চুক্তির জন্য আলোচনা শুরুর দাবি জানিয়ে আসছে।
সংস্থাটি মনে করিয়ে দিয়েছে, এর আগেও সিসিডব্লিউ ফোরামে কোনো অগ্রগতি না হওয়ায় বহুপাক্ষিক বৈঠকের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ‘অ্যান্টি-পার্সোনেল মাইন নিষিদ্ধকরণ চুক্তি’ এবং ‘ক্লাস্টার মিউনিশন কনভেনশন’ সফলভাবে সম্পন্ন করা হয়েছিল। ওই ঐতিহাসিক চুক্তিগুলো এসব অমানবিক অস্ত্রের উৎপাদন, মজুত, হস্তান্তর ও ব্যবহারের বিরুদ্ধে শক্তিশালী আন্তর্জাতিক নীতিমালা প্রতিষ্ঠা করে এবং অস্ত্রগুলোর ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনে অসংখ্য বেসামরিক নাগরিককে মৃত্যু ও পঙ্গুত্বের হাত থেকে রক্ষা করেছে। স্বয়ংক্রিয় অস্ত্রের ক্ষেত্রেও তেমনই একটি বিকল্প পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।