
নারায়ণগঞ্জের বন্দরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ছয় মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) উপজেলার ফরাজীকান্দা এলাকায় দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম সাইফান। সে বন্দরের সোনাকান্দা এনায়েতনগর এলাকার মোজাম্মেল হকের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা মোটরসাইকেলসহ চালক ইয়াছিন আরাফাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
নিহত শিশুর বাবা মোজাম্মেল হক জানান, গত ১৫ দিন ধরে সাইফান ঢাকার মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে গত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত রিকশাযোগে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছিল।
পথে ফরাজীকান্দার দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেপরোয়া গতিতে বের হওয়ার সময় মোটরসাইকেলটি তাদের রিকশায় সজোরে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশু সাইফান। পরে তার মৃত্যু হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।