
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে রোহিঙ্গা সংকট সমাধানে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপ এবং আসন্ন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ র্যা পোর্টিয়ার কেলি ই. ক্যারি।
আট দিনের বাংলাদেশ সফর শেষে বুধবার (১৮ অক্টোবর) ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। একই সঙ্গে শরণার্থীদের জন্য আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর মানবিক সহায়তা বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।
কেলি ই. ক্যারি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা চালানো হয়েছে, তা নিয়ে কোনো দ্বিধার অবকাশ নেই। দীর্ঘ সময় ধরে তাদের ওপর জাতিগত নিধন চলছে। বিশেষ করে রাখাইন রাজ্যে নাইপিদো কর্তৃপক্ষ ও আরাকান আর্মি—উভয়ের নিয়ন্ত্রণাধীন এলাকাতেই রোহিঙ্গা ও প্রান্তিক জনগোষ্ঠী নিপীড়নের শিকার হচ্ছে, যা নিরাপদ প্রত্যাবাসনকে অসম্ভব করে তুলেছে। এ পরিস্থিতিতে শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সমস্যাকে আলাদাভাবে না দেখে সমন্বিত নীতিগত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার সম্ভাব্য রায় প্রসঙ্গে তিনি বলেন, আদালত মিয়ানমার সরকার বা সংশ্লিষ্টদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। রায় ঘোষণার পর তা বাস্তবায়নে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে যেসব গণতান্ত্রিক দেশ মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে, তাদের অবস্থানের সমালোচনা করে তিনি এটিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।
বাংলাদেশের নবনির্বাচিত সরকার রোহিঙ্গাদের দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কৌশল প্রণয়নে বিশেষ কমিটি গঠন করেছে উল্লেখ করে জাতিসংঘের এই দূত বলেন, ভবিষ্যতে যেকোনো সময় প্রত্যাবাসনের সুযোগ তৈরি হলে তা কাজে লাগাতে এখন থেকেই সংশ্লিষ্ট ব্যবস্থাগুলোর সক্ষমতা বাড়াতে হবে।
আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, শুধু জরুরি সহায়তার ওপর গুরুত্ব দেওয়ায় শিক্ষা, সুরক্ষা ও জীবিকায়ন খাত উপেক্ষিত হচ্ছে। সহায়তা আরও কমলে আশাহীন এক তরুণ প্রজন্ম তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। পাশাপাশি কক্সবাজারের শিবিরগুলোতে নারী ও শিশুদের ওপর সহিংসতা রোধে সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রগুলোকে নিরস্ত্রীকরণ এবং নিরাপত্তা জোরদারের আহ্বান জানান তিনি।
কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে জাতিসংঘের এই দূত জানান, রোহিঙ্গাদের মধ্যে গভীর আতঙ্ক বিরাজ করলেও অনুকূল পরিবেশ পেলে তারা নিজ দেশে ফিরতে চান। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ অর্থনৈতিক ও পরিবেশগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করেন তিনি। পাশাপাশি মিয়ানমারের সংকট নিরসনে রোহিঙ্গাদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপ আয়োজনে আঞ্চলিক দেশগুলোকে উদ্যোগী হওয়ার অনুরোধ করেন তিনি।
প্রসঙ্গত, মিয়ানমারের পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত আট দিনের সরকারি সফরে বাংলাদেশে ছিলেন কেলি ই. ক্যারি। এ সময় তিনি ঢাকা ও কক্সবাজারে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ এবং রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করেন।