
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও শক্তিশালী হয়ে আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। এ সময় এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ১২ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫ দশমিক ৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল।
পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
এদিকে, আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার (২০ নভেম্বর) বৃষ্টির বিস্তৃতি বাড়তে পারে। এদিন ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
শনিবার (২১ নভেম্বর) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
শুক্রবার ও শনিবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। একই সঙ্গে কমতে পারে তাপমাত্রা।